প্রকাশিত:
১৭ আগষ্ট ২০২৫, ১৬:০৪
লোক প্রশাসন বিভাগকে স্বতন্ত্র কোডে শিক্ষা ক্যাডার এবং এনটিআরসিএ-এর অধীনে সামাজিক বিজ্ঞান অনুষদে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা। এসময় উপস্থিত শিক্ষার্থীর হাতে প্ল্যাকার্ডে দেখা যায়, “যোগ্যতা আছে প্রাপ্যতা নেই, লোক প্রশাসনে অধিকার চাই।”
রবিবার (১৭ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন ভবনের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। পরে মিছিল নিয়ে প্রদান ফটক গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় তারা।
মানববন্ধনে তারা দু’দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হলো— লোক প্রশাসন বিভাগকে স্বতন্ত্র কোড প্রদান করে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করা এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর মাধ্যমে কলেজ পর্যায়ে ‘পৌরনীতি ও সুশাসন’ বিষয়ে লোক প্রশাসন বিভাগকে অন্তর্ভুক্ত এবং মাধ্যমিক পর্যায়ে সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্গত বিষয় হিসেবে অন্তর্ভুক্তিকরণ করা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘লোক প্রশাসন বিভাগ থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবছর প্রায় দুই হাজারের বেশি শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করছে। কিন্তু তারা তাদের এই শিক্ষা প্রয়োগ করার মতো যোগ্য স্থান খুঁজে পায় না। যদি কর্মক্ষেত্রে সুযোগ দেয়া না হয় তাহলে এ বিভাগকে রেখে কী লাভ? আপনারা এ বিভাগ বাদ দিয়ে দেন।না হলে কর্মক্ষেত্রের সুযোগ দিন। লোক প্রশাসন বিভাগে আমরা ৬-৭ বছর পড়াশোনা করে থাকি। আর আপনারা অন্য বিভাগ থেকে নিয়োগ দিয়ে ৬-৭ মাসের ট্রেনিং এর মাধ্যমে কাজ চালান। যদি সেটাই হয় তাহলে তো আমাদের এখানে ৬-৭ বছর সময় নষ্ট করার কোনো মানে নাই।’
তারা আরও বলেন, ‘সনামধন্য বিভাগ হলেও চাকরির বাজারে সবচেয়ে নিগৃহীত বিভাগ লোক প্রশাসন। অন্যান্য বিভিন্ন বিভাগে পড়ে তাদেরকে প্রশাসন ক্যাডার হওয়ার সুযোগ দিচ্ছেন অথচ আমাদেরকে শিক্ষা ক্যাডারে সুযোগ দিচ্ছেন না, এনটিআরসিএতে সুযোগ দিচ্ছেন না। এমন বৈষম্য কেনো করা হবে? যারা জীবনে প্রশাসন বিষয়ে পড়াশোনা করেনি তাদেরকে সিভিল সার্ভিসে নিয়োগ দিয়ে মাত্র ৬ মাসের ট্রেনিং দিয়ে ক্যাডার সার্ভিস প্রদান করার সুযোগ দিচ্ছেন অথচ আমরা ৬-৭ বছর ধরে যারা প্রশাসন বিষয়ে পড়াশোনা করলাম তাদেরকে সিভিল সার্ভিসে কোনো বাড়তি সুযোগ তো দিচ্ছেন ই না আবার বিভিন্ন জব গ্রাউন্ড কমিয়ে দিচ্ছেন।
মন্তব্য করুন: