প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৩
চট্টগ্রামের মীরসরাইয়ে পারিবারিক কলহের জের ধরে বাবার ছুরিকাঘাতে এক কলেজ পড়ুয়া ছেলে খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের ঘড়ি মার্কেট এলাকার শেখ আকনের বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঐ বাড়ির সৌদি প্রবাসী নাছির উদ্দিন ৩ সন্তানের জনক। তার দুই মেয়ে এবং এক ছেলে সন্তান রয়েছে। এর মধ্য দুই কন্যার বিয়েও দেওয়া হয়েছে। একমাত্র ছেলে সাজ্জাদ হোসেন চট্টগ্রাম শহরে একটি কলেজে অধ্যয়নরত।
নাছির উদ্দিন সম্প্রতি সৌদি আরব থেকে দেশে আসেন। পরে কাউকে না জানিয়ে তিনি আরেকটি বিয়ে করেন। এই বিয়ের জের ধরে প্রথম পক্ষের স্ত্রী সন্তানদের সঙ্গে তার পারিবারিক কলহ সৃষ্টি হয়। প্রথম পক্ষের স্ত্রী-সন্তানরা তার দ্বিতীয় বিয়ে মেনে নিতে পারছিল না। ঘটনার সময় বাবা-ছেলের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এ সময় বাবা উত্তেজিত হয়ে ধারালো ছুরি দিয়ে ছেলের পেটে ও বুকে ছুরিকাঘাত করে। এতে ছেলে রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। প্রতিবেশিরা তাকে উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মস্তান নগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মীরসরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, খুনের ঘটনায় আসামিকে গ্রেফতারে আমাদের একাধিক টিম মাঠে কাজ করছে। লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন: