প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৯
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হাঁসের খামারে বিষ প্রয়োগে প্রায় ৩ হাজার ৫০০ হাঁস মারা গেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সদর ইউনিয়নের টেকানগর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, খামারি মো. শামসু মিয়া দীর্ঘদিন ধরে এ এলাকায় হাঁস পালন করে আসছিলেন। শুক্রবার গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তাঁর খামারের খাদ্য বা পানিতে ইঁদুরনাশক জাতীয় বিষ মিশিয়ে দেয়। এতে একে একে হাঁসগুলো মারা যেতে থাকে। সকালে খামারে গিয়ে শামসু মিয়া দেখতে পান, ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে হাজারো মৃত হাঁস।
ক্ষতিগ্রস্ত খামারি মো. শামসু মিয়া বলেন, “আমি এগারো বছর ধরে হাঁস পালন করছি। এভাবে এক রাতে সব শেষ হয়ে যাবে ভাবতেও পারিনি। আমার প্রায় ১৭ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণ চাই।”

ভুক্তভোগীর ভাই জানান, তাঁর বড় ভাই ব্যাংক থেকে ঋণ নিয়ে খামার করেছিলেন। এখনো সেই ঋণ শোধ করতে পারেননি।
নাসিরনগর থানার ডিউটি অফিসার মো. মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। ভুক্তভোগীর পক্ষ থেকে অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত খামারি।
মন্তব্য করুন: