প্রকাশিত:
১৫ অক্টোবর ২০২৫, ১১:২২
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের নতুন নেতৃত্ব গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সভাপতি মাহমুদ হাসান চয়ন ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে ৪৫ সদস্যবিশিষ্ট নবগঠিত কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে জিয়াউর রহমানকে সভাপতি ও আরও বেশ কয়েকজন তরুণ নেতাকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব প্রদান করা হয়। অনুমোদনের পরই নতুন কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্বভার গ্রহণ করেন।
পরবর্তীতে সোনারগাঁও থানা মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের নবনির্বাচিত সভাপতি জিয়াউর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ফুলেল শুভেচ্ছা জানাতে যান জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সভাপতি মাহমুদ হাসান চয়ন এবং কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি জি এম সাদরিল-এর কাছে।
এ সময় নবগঠিত কমিটির পক্ষ থেকে জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানানো হয় এবং সংগঠনের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন কামনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, “মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ তরুণ প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দেবে। দেশপ্রেম, সততা ও ঐক্যের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।”
নবগঠিত কমিটির সভাপতি জিয়াউর রহমান বলেন, “আমরা জেলা ও কেন্দ্রীয় নেতাদের দিকনির্দেশনায় সোনারগাঁওয়ে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে কাজ করে যাব। ঐক্য, সততা ও দেশপ্রেমই হবে আমাদের মূল শক্তি। জনগণের পাশে থেকে আমরা মুক্তিযুদ্ধের মূল্যবোধ প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।”
তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও জনগণের অধিকারনির্ভর বাংলাদেশ গড়তে কাজ করব। এই ৩১ দফা শুধু রাজনৈতিক নয়, এটি মুক্তিযুদ্ধের আদর্শ ও জাতীয় পুনর্জাগরণের রূপরেখা।”
কমিটি অনুমোদনের খবর ছড়িয়ে পড়লে সোনারগাঁওয়ের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সঞ্চার হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমেও নবগঠিত কমিটির প্রতি শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা দেখা যায়।
জেলা নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে সোনারগাঁও থানা মুক্তিযুদ্ধ প্রজন্ম দল আরও সংগঠিত, কর্মমুখী ও মুক্তিযুদ্ধের আদর্শে বলীয়ান হয়ে উঠবে।
মন্তব্য করুন: