প্রকাশিত:
৯ নভেম্বর ২০২৫, ১৫:২৪
প্রকৃতিতে এখনো পুরোপুরি শীতের আমেজ না এলেও শুরু হয়েছে খেজুর রস সংগ্রহের প্রস্তুতি। দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় গাছিদের ব্যস্ততা বেড়েছে। চলছে খেজুর গাছ ঝোড়া, পরিষ্কার ও নল বসানোর কাজ। কয়েকদিন পর শীতের তীব্রতা বাড়লে শুরু হবে রস আহরণ।
কৃষি বিভাগ জানিয়েছে, দেশের নানা স্থানে বিচ্ছিন্নভাবে প্রায় পাঁচ হেক্টর জমিতে খেজুর গাছ রয়েছে। বাড়ির উঠান, রাস্তার ধারে কিংবা ফসলের মাঠের পাশে মাঝেমধ্যেই খেজুর গাছ চোখে পড়ে।
অভিজ্ঞ গাছি জামাল উদ্দিন বলেন, শীত মৌসুমে যেখানে খেজুর গাছ বেশি, সেখানে যাই। মালিকদের কাছ থেকে মৌসুমের জন্য গাছ কিনে নিই। আমার লোকজন দিয়ে রস সংগ্রহ ও বিক্রি করি।
তিনি আরও বলেন, প্রথমে দা দিয়ে গাছের মাথার সোনালি অংশ কাটা হয়। ৮-১০ দিন পর সেখানে বসানো হয় নল। এরপর এক সপ্তাহের মধ্যে মিষ্টি রস নামানো শুরু হয়। এখন সেই প্রস্তুতি নিয়েই ব্যস্ত সময় পার করছি।
জামাল উদ্দিনের মতে, গাছের সংখ্যা কমে যাওয়া এবং তরুণ প্রজন্মের কৃষি কাজে অনাগ্রহের কারণে গাছির সংখ্যা দিনদিন কমে যাচ্ছে।
কৃষি বিভাগের উপপরিচালক ড. সাইখুল আরিফিন বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষায় খেজুর গাছের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেজুরের রস ও গুড় আমাদের গ্রামীণ ঐতিহ্যের অংশ। এই ঐতিহ্য টিকিয়ে রাখতে সবাইকে খেজুর গাছ রোপণ ও সংরক্ষণে এগিয়ে আসতে হবে।
মন্তব্য করুন: