প্রকাশিত:
১০ নভেম্বর ২০২৫, ১৮:০৮
ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে গড়ে উঠা ৭টি ইট ভাটায় অভিযান পরিচালনা করেছেন ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান উল ইসলাম ৷ অভিযানে ০৩টি ইট ভাটার চিমনি ও ভাটার কিছু অংশ ভেঙে গুড়িয়ে দেওয়াসহ বাকি ৪টি ইট ভাটাকে মোট ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
মোমবার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত ধামরাই উপজেলার ভাড়াড়িয়া ও সদর ইউনিয়নে ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের যুগ্ম সচিব সৈয়দ ফরহাদ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
উক্ত অভিযানে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়ন এলাকায় অবৈধভাবে গড়ে উঠা এইচ এম বি ব্রিকস, এন এ এম ব্রিকস ও ফোর স্টার ব্রিকস এর চিমনিসহ ৩টি ইট ভাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেই সাথে তাদের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।
অপরদিকে উপজেলার সদর ইউনিয়নের ডেমরান এলাকায় বিবিসি ব্রিকস, ডিবিস ব্রিকস, নূর ব্রিকস এর ডিসি লাইসেন্স থাকায় এই ৩ টি ভাটাকে ৩ লক্ষ টাকা করে মোট ৯ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে ও স্টাইল ব্রিকস কে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই ৪ ভাটাকে মোট ১১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের কোনো লাইসেন্স না থাকায় এই সকল ভাটাকে জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান উল ইসলাম বলেন, আজ মঙ্গলবার সকাল থেকে ৭ টি ইট ভাটায় অভিযান পরিচালনা করেছি। ৩টি ভাটার চিমনিসহ ভাটা ভেঙে গুড়িয়ে দিয়ে ইট উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সাথে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। কারণ এদের বৈধ কোনো কাগজপত্র নেই। এছাড়া বাকি ৪ টি ভাটার জেলা প্রশাসকের কাগজপত্র থাকলেও পরিবেশ অধিদপ্তরের কোনো কাগজপত্র নেই। এমনকি তাদের মাটি কাটার কোনো অনুমতি না থাকায় ওই চারটি ভাটাকে আমরা মোট ১১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছি। তবে আবাসিক এলাকা, স্কুল-কলেজের এক কিলোমিটারের মধ্যে অবৈধ ইটভাটায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে৷
অভিযান পরিচালনাকালীন সময়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাসহ র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ অফিসের লোকজনসহ প্রায় শতাধিক প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷
মন্তব্য করুন: