প্রকাশিত:
১৩ নভেম্বর ২০২৫, ১৮:২৩
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে সড়ক অবরোধ করে দলটির নেতাকর্মীরা। সকাল ৭টা থেকে শুয়াদী, মুনসুরাবাদ, পুলিয়া ও পুখুরিয়া এলাকায় টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।
পরে সকাল ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সড়িয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী টহল দেয়।
এদিকে দুপুরে ভাঙ্গার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় পরিত্যক্ত একটি লাগেজ থেকে ৩২ বোতল পেট্রোল বোমা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় নতুন করে আতঙ্ক দেখা দেয়।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন জানান, সকালে অবরোধের পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং উদ্ধার হওয়া পেট্রোল বোমা নিয়ে আইনগত প্রক্রিয়া চলছে।
অবরোধ ও বোমা উদ্ধারের ঘটনার পর সারাদিনই মহাসড়কে যান চলাচল ছিল স্বাভাবিকের তুলনায় কিছুটা কম।
মন্তব্য করুন: