প্রকাশিত:
৬ ডিসেম্বর ২০২৫, ১৮:৪০
বাড়ির পুরনো ইস্ত্রির নিচে অনেক সময় কালো দাগ দেখা যায়। দীর্ঘ দিন ধরে ব্যবহার করার ফলে নিচের ধাতব অংশটিতে কালচে পোড়া দাগ হয়ে যায়। অনেক সময় সাদা বা হালকা রঙের পোশাক ইস্ত্রি করতে গেলে বিপদে পড়তে হয়।
ইস্ত্রির নিচের এই পোড়া দাগ সহজে তোলা যায় না।
তাই বেশির ভাগ ক্ষেত্রেই যন্ত্রটিকে বাতিলের খাতায় ফেলে দিতে হয়। অনেকে বাজার থেকে রাসায়নিক দেওয়া দামি স্টেন-রিমুভার কিনে আনেন। তবে ঘরোয়া উপায়ে যদি সমস্যার সমাধান করতে পারেন, তাহলে এত টাকা খরচ করবেন কেন?
আয়রনের পোড়া দাগ তুলবেন কিভাবে
আয়রনের নিচের অংশ থেকে কালচে, পোড়া দাগ চোখের নিমেষে তুলে দিতে পারে একমুঠো লবণ। রান্নাঘরের নানা জিনিস পরিষ্কার করা হয় এই লবণ দিয়ে।
তাপ পেলে আয়রনের নিচের অংশের চটচটে পোড়া দাগ খানিকটা নরম হয়। তার সঙ্গে লবণ জমাট বাঁধতে শুরু করে। আয়রন স্বাভাবিক তাপমাত্রায় এলে সহজেই তা পরিষ্কার করে ফেলা যায়।
পদ্ধতি
প্রথমে আয়রনটিতে বৈদ্যুতিক সংযোগ দিয়ে গরম করে নিন।
এরপর আয়রন বোর্ডের ওপর খবরের কাগজ পেতে দিন। তার ওপর একমুঠো লবণ ছড়িয়ে রাখুন। এবার গরম আয়রনটা ছড়ানো লবণের ওপর ধীরে ধীরে চালাতে থাকুন। মিনিট দুয়েক পর সুইচ বন্ধ করে দিন।
এবার আয়রন স্বাভাবিক তাপমাত্রায় এলে ভেজা কাপড় দিয়ে ওই অংশটি ভালো করে মুছে নিলেই দেখবেন সব দাগ উধাও হয়ে গেছে।
মন্তব্য করুন: