প্রকাশিত:
২৭ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৮
ফরিদপুরের ভাঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ভাই-বোন সহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অ্যাম্বুলেন্স চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ভাঙ্গা-খুলনা মহাসড়কের মুনসরাবাদ এলাকায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন-যশোর জেলার মনিরামপুর থানার বাসিন্দা রহমতুল্লাহর ছেলে সাকিবুর রহমান নিশান (২৬)। যশোর জেলার কেশবপুর থানার বাবর আলীর মেয়ে বিউটি আক্তার(৩০) ও ছেলে মিজানুর রহমান (৪০)।
এদিকে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অ্যাম্বুলেন্স চালক কৃষ্ণ (৫৫)। তিনি যশোর জেলার সোনাডাঙ্গা থানার বাসিন্দা বিষ্ণুর ছেলে। অন্য আহত হলেন মিজানুর রহমানের স্ত্রী রোকাইয়া আক্তার(৪০)। আহতদের মধ্যে আরও একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, মিজানুর রহমান কিছুদিন আগে স্ট্রোকজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। তাকে উন্নত চিকিৎসার জন্য একটি অ্যাম্বুলেন্সে করে যশোর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে মুনসরাবাদ এলাকায় পৌঁছালে ঢাকা থেকে খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং আরও দু’জন গুরুতর আহত হন।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ, স্থানীয় থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরন করে। কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অ্যাম্বুলেন্স পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন: