প্রকাশিত:
৩১ ডিসেম্বর ২০২৫, ১৬:১৫
আরবাজ খানের সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার পর থেকেই মালাইকা আরোরার ব্যক্তিগত জীবন ঘিরে নানা জল্পনা চলছিল। অবশেষে দ্বিতীয় বিয়ে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী।
২০১৬ সালে বিচ্ছেদ হয় মালাইকা ও আরবাজের। তাঁদের ২২ বছরের এক পুত্র আরহান রয়েছে।
বিচ্ছেদ হলেও সন্তানের বাবা-মা হিসেবে এখনো একসঙ্গেই দায়িত্ব পালন করছেন দুজন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা জানান, সম্পর্ক সব সময় পরিকল্পনা অনুযায়ী এগোয় না। বিচ্ছেদের পর সমাজ ও পরিবারের নানা প্রশ্নের মুখে পড়তে হলেও নিজের সিদ্ধান্ত নিয়ে কোনো আফসোস নেই তাঁর।
মালাইকার কথায়, আরবাজ ও তিনি দুজনেই সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন।
সমস্যা মিটিয়ে ফের একসঙ্গে পথ চলার কথাও ভেবেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বুঝতে পারেন, এই সম্পর্ক আর টেকসই নয়।
তিনি বলেন, ‘একটা সময়ের পর আমরা দুজনই বুঝতে পারি, এই বিয়ে টিকবে না। অন্যকে খুশি করার আগে নিজেকে খুশি রাখা দরকার।
আমি নিজেই তো সেই বিয়েতে সুখী ছিলাম না।’
এই সিদ্ধান্তের পর অনেকেই তাঁকে স্বার্থপর বলেছিলেন। তবে সেসব মন্তব্যে গুরুত্ব দেননি অভিনেত্রী। তাঁর কাছে নিজের মানসিক শান্তি ও ভালো থাকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ।
মালাইকা বলেন, ‘অন্যদের কাছে স্বার্থপর মনে হতে পারে।
কিন্তু আমার যেটা ঠিক মনে হয়েছে, সেটাই করেছি। জীবনটা এগিয়ে নিয়ে যাওয়া দরকার ছিল। আমার খুশিতে থাকাটাও জরুরি।’
দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে স্পষ্ট অবস্থান জানিয়ে মালাইকা বলেন, তিনি বিয়ের বিরোধী নন। তবে আপাতত বিয়ে তাঁর জন্য নয়।
অভিনেত্রীর ভাষায়, ‘নিজের জীবন নিয়ে আমি ভালো আছি। আমার মনে হয়, বিয়েটা আমার জন্য নয়। যদি কখনো আবার হয়, তখন ভেবে দেখা যাবে।’
মন্তব্য করুন: