প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৬, ১৭:৪৩
ঢাকা-৮ আসনে ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার পেছনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নির্দেশ এবং দলটির চেয়ারম্যান তারেক রহমানের সম্মতি রয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর ফকিরাপুল মোড়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সকালে হাবীবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনার প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
নাহিদ ইসলাম বলেন, “আপনারা যদি আওয়ামী লীগের কায়দায় সন্ত্রাসী পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বীকে মাঠ থেকে সরাতে চান, তাহলে আওয়ামী লীগের সঙ্গে আপনাদের পার্থক্য কী?” তিনি অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগের রাজনীতিকেই পুনর্বাসনের চেষ্টা করছে।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে জনগণ আর সন্ত্রাসী রাজনীতি মেনে নেবে না। অতীতে বিএনপির বিভিন্ন রাজনৈতিক সংকটে এনসিপি সহানুভূতি দেখিয়েছে উল্লেখ করে নাহিদ বলেন, “কিন্তু এখন আপনারা সমালোচনা সহ্য করতে পারছেন না।”
নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর নীরব ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে জনগণকে সঙ্গে নিয়ে জবাব দেওয়া হবে।
মন্তব্য করুন: