প্রকাশিত:
২৮ জানুয়ারী ২০২৬, ১৮:২৩
ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে বাংলাদেশের এক নম্বর ক্রিমিনাল ও গডফাদার হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক এবং একই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশন এলাকায় নির্বাচনী গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব অভিযোগ করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা নির্বাচনী প্রচারণা করতে গিয়েছি, সেখানে এসে আমাদের হ্যারাস করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে। আমরা কোনো দলের বিরুদ্ধে না, কোনো ব্যক্তি বিরুদ্ধেও না—আমরা এই চাঁদাবাজি ও সন্ত্রাসী সিস্টেমের বিরুদ্ধে।”
তিনি দাবি করেন, ঢাকা-৮ আসনের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চলছে এবং এর পাহারাদার হিসেবে ছাত্রদল-যুবদল কাজ করছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “যদি এই এলাকায় চাঁদাবাজির পাহারাদার ছাত্রদল হয়, তাহলে তাদের বিরুদ্ধেই আমাদের লড়াই হবে।”
মির্জা আব্বাসকে উদ্দেশ করে এনসিপির এই নেতা বলেন, “আজ মিডিয়ার সামনে আমি বলে যাচ্ছি—বাংলাদেশে যদি ক্রিমিনাল র্যাঙ্কিং করা হয়, তাহলে এক নম্বর গডফাদার ও ক্রিমিনাল হবেন মির্জা আব্বাস। আমি বেঁচে থাকতে বলে গেলাম, আমি না থাকলেও আপনারা প্রমাণ পাবেন।”
মন্তব্য করুন: