প্রকাশিত:
৩১ জানুয়ারী ২০২৬, ১৫:২৩
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে দেশের অভ্যন্তরে (আইসিপিভি) নিবন্ধন করা সারা দেশের ৫ লাখ ১৮ হাজার ৬০৩ জন ভোটারের কাছে ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান। খবর বাসসের।
তিনি বলেন, শনিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত আইসিপিভি ক্যাটাগরির ৫ লাখ ১৮ হাজার ৬০৩ জন ভোটারের কাছে ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৭ হাজার ৩৬৭ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। এছাড়া ৪ হাজার ৯০২ জন ভোটার ভোটদান সম্পন্ন করেছেন এবং ২ হাজার ৩৯৪ জন ভোটার ভোট দেওয়া ব্যালট সংশ্লিষ্ট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন।
৪ লাখ ৫৮ হাজার প্রবাসী ভোটার ভোটদান সম্পন্ন
এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ৪ লাখ ৫৮ হাজার ৫৯ জন প্রবাসী ভোটার ভোটদান সম্পন্ন করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
ইসির তথ্যমতে, শনিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট সংশ্লিষ্ট প্রবাসী গন্তব্যের দেশে পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ১৮ হাজার ৩৪৫ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন।
ভোটদান শেষে ৪ লাখ ১০ হাজার ৯২৮ জন প্রবাসী ভোটার সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন।
অন্যদিকে, ১ লাখ ৪৪ হাজার ৮৬০টি ব্যালট ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে।
সালীম আহমাদ খান আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে দেশীয় ও প্রবাসী মিলিয়ে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার নিবন্ধন করেছেন।
মন্তব্য করুন: