প্রকাশিত:
২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১১
ওল্ড ট্রাফোর্ডে শেষ দিকের দুই গোলে সমতায় ফেরে ফুলহ্যাম। ইংলিশ প্রিমিয়ার লীগে টানা দুই ম্যাচ জয়ের পর হোঁচটের কাছেই ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে নির্ধারিত সময়ের যোগ করা চতুর্থ মিনিটে রেড ডেভিলদের জয়সূচক গোলটি করেন বদলি হিসেবে নামা বেনজামিন সেসকো। অন্যদিকে, রাতের হাইভোল্টেজ ম্যাচে টটেনহ্যাম হটস্পারের মাঠে দুই গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। পরে দুটি গোলই শোধ দেয় স্পার্স। শেষ পর্যন্ত ২-২ সমতায় শেষ হয় ম্যাচ।
ইউনাইটেডের সাবেক কোচ রুবিন আমোরিমের অধীনে লীগে টানা তিন ম্যাচ জিততে রেড ডেভিলদের সময় লাগে ১৪ মাস। সেখানে নিজের প্রথম তিন ম্যাচেই সেই মাইলফলক ছুঁয়ে ফেললেন মাইকেল ক্যারিক। ঘরের মাঠে ১৯তম মিনিটে দলকে এগিয়ে নেন ক্যাসেমিরো। ব্রুনো ফার্নান্দেজের কর্নার থেকে হেডে জাল খুঁজে নেন এ ব্রাজিলিয়ান মিডফিল্ডার। এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় ইউনাইটেড।
মাঠে ফিরে ৫৬তম মিনিটে ক্যাসেমিরোর রক্ষণচেরা পাস ধরে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন তারই স্বদেশি মাতেউস কুনহা। এরপরই ঘুরে দাঁড়ায় ফুলহ্যাম। কিছুক্ষণ পর স্বাগতিকদের জালে বল জড়ান হোর্হে কুয়েনকা। তবে তার সতীর্থ স্যামুয়েল চুকউয়েজে অফসাইডে থাকার কারণে বাতিল হয় সেটি। নিজেই পেনাল্টি জিতে ৮৫তম মিনিটে ব্যবধান কমান রাউল হিমিনেজ। যোগ করা প্রথম মিনিটে লক্ষ্যভেদ করে সফরকারীদের সমতায় ফেরান কেভিন। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ইউনাইটেডকে। মিনিট তিনেকের মধ্যে ফার্নান্দেজের চমৎকার থ্রু বল ধরে জোরাল শটে দলের জয়সূচক গোলটি করেন সেসকো।
দিনের হাইভোল্টেজ ম্যাচের ড্রয়ে সবচেয়ে লাভবান হয় আর্সেনাল। সিটির সুযোগ ছিলো লীগ টপারদের সঙ্গে ব্যবধান কমানোর। তবে দুইয়ে থাকা সিটিজেনদের ২৪ ম্যাচে পয়েন্ট দাঁড়াল ৪৭। সমান ম্যাচে ৬ পয়েন্ট বেশি নিয়ে শিরোপার দৌড়ে এগিয়ে থাকলো গানাররা।
মন্তব্য করুন: